এসএসসি ৯০ নাগরপুরের উদ্যোগে সিলেটে আনন্দ ভ্রমণ
“আলোকিত হও, আলোকিত করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধু ও বান্ধবীদের উদ্যোগে সিলেটে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬ তিন দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে এসএসসি ৯০ নাগরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার ৪২ জন বন্ধু ও বান্ধবী অংশ নেন। বাৎসরিক নৌকা ভ্রমণের ধারাবাহিকতায় এবার সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার আয়োজন করা হয়। ভ্রমণটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি করে।
ভ্রমণের প্রথম দিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর, চা-বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়। দিনব্যাপী বিভিন্ন স্থান ঘুরে দেখার পর রাতে রাতারগুল এলাকায় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরদিন জাফলংয়ের জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করেন ভ্রমণকারীরা। পরে বিকেলে লালাখাল, খাসিয়া পল্লীসহ সিলেটের আরও কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরে দেখেন তারা।
তিন দিনব্যাপী এ আনন্দ ভ্রমণের সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেটে কর্মরত সিসিক প্রধান ডা. জাহিদুল ইসলাম সুমন। আয়োজক কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাবেক সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন ও মাধ্যমিক সহকারী শিক্ষক শওকত আলী মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. তামান্না খান, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪২ জন বন্ধু ও বান্ধবী।
আয়োজকরা জানান, ভ্রমণের প্রতিটি পর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় ট্যুরিস্ট বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতা নেওয়া হয়। সংশ্লিষ্টদের সহযোগিতায় পুরো ভ্রমণটি নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়।
দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে এবং পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আনন্দ ভ্রমণ সফল ও নিরাপদভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, ট্যুরিস্ট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সহযোগিতাকারী সকলের প্রতি এসএসসি ৯০ নাগরপুরের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।













