নাসিরনগরে ডামি নির্বাচনে জড়িতদের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন
ছবি- সকালের বার্তা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২৪ সালের তথাকথিত ‘ডামি নির্বাচনে’ অংশগ্রহণকারীদের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জানুয়ারি সকাল ১২টায় নাসিরনগর উপজেলা সদরে ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন ব্যক্তি তৎকালীন ফ্যাসিবাদী শাসনের দোসর হিসেবে কাজ করেছেন এবং জনগণের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছেন। এ কারণে তাদেরকে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ভোটাধিকার হরণে জড়িত ব্যক্তিদের পুনরায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে এসব প্রার্থীর রাজনৈতিক অযোগ্যতা ঘোষণা করা জরুরি।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচিসহ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন বিএনপির সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান (সুখন)।
নির্বাচনে অংশগ্রহণের দায়ে পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে মনোনীত হন।













