সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মিরপুর ১ এর রাড্ডা ভাঙার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের ১৪ নেতা বহিষ্কার

মো: অমিত হাসান জয়, ঢাকা মহানগর প্রতিনিধি  প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম
মিরপুর ১ এর রাড্ডা ভাঙার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের ১৪ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপি, ছাত্রদল ও যুবদলের রাজধানী ঢাকার ৩টি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত একাধিক নেতাকর্মীর নাম আসার পরই বুধবার এমন সিদ্ধান্ত এলো।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল কমিটি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি।
তবে কমিটি বিলুপ্তির কোনো বিজ্ঞপ্তিতেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। অন্যদিকে যুবদল ও ছাত্রদল জানিয়েছে, তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।
পৃথক এক বিজ্ঞপ্তিতে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে ৩ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানানো হয়েছে। তারা হলেন শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, ‘সি’ ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।
দলটির পক্ষ থেকে জানানো হয়, অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
ছাত্রদলও তাদের ঢাকা মহানগর পশ্চিম কমিটি বিলুপ্ত করে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের নির্দিষ্ট অভিযোগে ৫ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।
বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্য সচিব ওমর নাইম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান।
এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দারুসসালাম থানা শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্য সচিব মো. হাফিজুর রহমান। সংগঠনটির পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখারও নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ এএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ আওলাদ হোসেন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরায় অবস্থিত ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন।

দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিক্ষকেরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তাঁরা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষকের দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে বড় অবদান রাখতে পারে।

তিনি বলেন, একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবনে শিক্ষকদের শিক্ষা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া এবং তাঁদের অবদানের স্বীকৃতি নিশ্চিত করা সবার দায়িত্ব।

অধ্যক্ষ আওলাদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শিক্ষাব্যবস্থায়ও পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে শিক্ষিত করে তোলা জরুরি। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষকদের সম্মান করা, তাঁদের উপদেশ মেনে চলা এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানো প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন বিশ্বের সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরাই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

যুবসমাজের ভবিষ্যৎ রক্ষায় অর্থনীতিতে সংস্কার জরুরি; ড. রাশেদ আল মাহমুদ

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম
যুবসমাজের ভবিষ্যৎ রক্ষায় অর্থনীতিতে সংস্কার জরুরি; ড. রাশেদ আল মাহমুদ

বাংলাদেশের যুবসমাজের জন্য ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে পতিত সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (৩ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, বিগত সরকার জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে নিজেদের পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনৈতিক ব্যবস্থা চালু রেখেছিল। এর ফলে অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি হয়েছে। দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৩ কোটি ৩৩ লাখ তরুণের বড় অংশকে কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ২০২২ সালের হিসাবে দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে ছিল। এদের ৬২ শতাংশ নারী। একই সময়ে অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশে নতুন করে প্রায় এক কোটি মানুষ দরিদ্র হয়েছে বলেও তিনি দাবি করেন।

খেলাপি ঋণের পরিসংখ্যান প্রসঙ্গে তিতুমীর বলেন, প্রকৃত খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭ শতাংশ হলেও তা ১১ শতাংশ হিসেবে দেখানো হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ হার ৩২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশের কর-জিডিপি অনুপাতও আন্তর্জাতিকভাবে অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, ব্র্যাক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, নেসলে বাংলাদেশ, বিআরবি কুষ্টিয়াসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার: কারাদণ্ড

খায়রুল আলম নয়ন  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম
সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার: কারাদণ্ড

Oplus_131072

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোভাগঞ্জ এলাকার গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে চার মাস এবং অপর চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।