বিএনপির ‘সুদিন’ ছেড়ে জামায়াতে শাহীন আলম
শ্রীবরদীতে বিএনপি নেতাসহ দুইজনের জামায়াতে যোগদান
ছবি : সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপির এক নেতাসহ দুইজন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আলম ও মো. সুলতান জামায়াতে ইসলামীতে যোগ দেন। শাহীন আলম ৬ নং সদর শ্রীবরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সালামের নাতি।
যোগদানের পর শাহীন আলম বলেন, “আমি বিএনপির সুদিন ছেড়ে জীবনের শেষ সময়ে একজন নামাজি ও সৎ মানুষের দলের সঙ্গে যুক্ত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দলীয় নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে পারি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানান। পাশাপাশি জুলাই সনদ ও গণভোট দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেশের প্রয়োজনে সব অবস্থায় প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আজিজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি), সাবেক ময়মনসিংহ মহানগর সভাপতি ডা. মোখলেসুর রহমান, শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, শ্রীবরদী পৌরসভা মেয়র প্রার্থী আমির হামজা মিস্টার এবং ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রবিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
















