সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমোহন উপজেলা ছাত্রদল নেতা শরীফ চৌধুরী বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরীফ চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরীফ চৌধুরীর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে সংগঠনের নিয়মনীতি, শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
এঘটনার বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনো অন্যায়কারী বা শৃঙ্খলা ভঙ্গকারীর সাথে আপোস করে না। জেলা ছাত্রদলের এই সময়োপযোগী ও সাংগঠনিক সিদ্ধান্তকে আমরা লালমোহন উপজেলা ছাত্রদল স্বাগত জানাচ্ছি।”
সংশ্লিষ্টরা মনে করছেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে এ ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















