লাইফ সাপোর্টে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে ভারতে
ছবি- সংগৃহীত
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। লিভারে মারাত্মক সংক্রমণের কারণে তার এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েক দিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হয়েছেন, যা তার লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
শনিবার (৯ মে) জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা (ডানা ভাই জোশ) সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথমে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও শুক্রবার (৮ মে) রাতে অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডানা আরও উল্লেখ করেন, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে দ্রুত ভারতে নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। একইসঙ্গে তিনি সবার কাছে কারিনার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
এদিকে, আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসারও তার ফেসবুক পোস্টে কারিনার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি লিখেন, কারিনা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। এই মুহূর্তে কোনো ধরনের তহবিল সংগ্রহের প্রয়োজন নেই জানিয়ে তিনি সবাইকে কেবল দোয়া করার অনুরোধ করেছেন। পাশাপাশি, এই কঠিন সময়ে পূর্ব ঘোষণা ছাড়া হাসপাতালে বা তার পরিবারের সঙ্গে দেখা করতে না আসার জন্য তিনি সবার প্রতি সবিনয় আহ্বান জানান।
উল্লেখ্য, হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান কারিনা কায়সার। অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। কারিনা কায়সার কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের নাতনি। তার বাবা ফুটবলার কায়সার হামিদ এবং মা শাহনাজ সুলতানা কায়সার।











