বিজয়ী বিএনপির প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নূরুল-কে মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্যের নজির স্থাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামছ উদ্দিন।
শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে মিষ্টি নিয়ে যান অ্যাডভোকেট শামছ উদ্দিন। সেখানে তিনি বিজয়ী প্রার্থী নূরুল ইসলাম নূরুলের মুখে মিষ্টি তুলে দেন। জবাবে নূরুল ইসলাম নূরুলও পরাজিত প্রার্থীর মুখে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সুনামগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মিলনমেলা, যা রাজনৈতিক সহনশীলতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ২৬ হাজার ৩০৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. নাজমুল হুদা পেয়েছেন ১ হাজার ৭৮৯ ভোট।


















