আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে এমদাদুল হক এমদাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৬নং আমলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এরই মধ্যে গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে আলোচনায় রয়েছেন তরুণ সমাজের পরিচিত মুখ মো. এমদাদুল হক এমদাদ।
আমলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের একটি অংশের আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি নিজ গ্রাম অঞ্জনগাছীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চায়ের আড্ডায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মো. এমদাদুল হক এমদাদ। এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের ভাষ্য, তরুণদের সম্পৃক্ত করে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব আমলা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা নিয়ে তিনি নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। ফলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
এ ছাড়া তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত তরুণদের মধ্যে ১৬০টিরও বেশি ফুটবল উপহার দিয়েছেন বলে জানা গেছে। তাঁর এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণাও তত বাড়বে। তবে শেষ পর্যন্ত জনগণের ভোটেই নির্ধারিত হবে ৬নং আমলা ইউনিয়ন পরিষদের পরবর্তী চেয়ারম্যান কে হবেন।
উল্লেখ্য, এমদাদুল হক এমদাদকে ঘিরে জনপ্রিয়তা, আলোচনা ও জনমতের বিষয়গুলো স্থানীয়দের মতামত ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে ভোটগ্রহণের মাধ্যমে।



















