সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে থাকছে না সেনাবাহিনী: জেলা রিটার্নিং কর্মকর্তা
সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নির্বাচনী দায়িত্বে সরাসরি সেনাবাহিনী মোতায়েন থাকবে না বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, আনসার ও বিজিবি এবং সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে।
তবে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এই তিনটি উপজেলায় সরাসরি সেনাবাহিনী মোতায়েন থাকবে না। এসব এলাকায় দায়িত্ব পালন করবে (বিজিবি)।
তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে সেনাবাহিনীর একটি টিম প্রস্তুত থাকবে। প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্স মোতায়েনের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তবে প্রায় ১৫০টি কেন্দ্রে ক্যামেরা বসানো সম্ভব হয়নি, কারণ পর্যাপ্ত ক্যামেরা পাওয়া যায়নি।
কোন কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে—এ বিষয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে ভোটারের সংখ্যা বেশি এবং যাতায়াত ব্যবস্থা দুর্গম, সেগুলোকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এছাড়া এবার দুই ধরনের ব্যালট পেপার গণনা করতে হবে, ফলে ভোট গণনায় বেশি সময় লাগতে পারে এবং রাত পর্যন্ত চলতে পারে।
তিনি আরও বলেন, অনেক এলাকায় রাস্তাঘাট ভালো না থাকায় মোটরসাইকেলের মাধ্যমে ব্যালট ও ফলাফল পরিবহন করতে হবে। এসব কারণে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত সতর্ক রাখা হয়েছে।
সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে।















