ফেসবুক পোস্ট নিয়ে শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষ: আকাশলিনা ইকো পার্কের সামনে উত্তেজনা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অবস্থিত পর্যটন কেন্দ্র আকাশলিনা ইকো পার্ক এলাকায় এক তরুণীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ এলাকার এক তরুণীকে উদ্দেশ্য করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ দুপুরে আকাশলিনা ইকো পার্কের সামনে দুই পক্ষের লোকজন জড়ো হলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ পর্যটকরা ভয়ে দিক-বিদিক ছুটতে থাকেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

















