শ্রীবরদীতে সরকারি খাল দখল-ভরাটের প্রতিবাদে মানববন্ধন, পুনঃখননের দাবি
ছবি : সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সরকারি খাল দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। খালটি অবিলম্বে দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবিতে রোববার (২ আগস্ট) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি খালটি অবৈধভাবে দখল ও ভরাট হওয়ায় এর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
বক্তারা বলেন, পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় চৌরাস্তা, মধ্যবাজার, উত্তরবাজারসহ আশপাশের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
তারা আরও বলেন, বর্তমানে জিয়া খাল নামে পরিচিত এ খালটি একসময় ‘খেয়াঘাট’ নামে পরিচিত ছিল। সরকারি রেকর্ডে এটি খাল হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী সময়ে কীভাবে ব্যক্তি মালিকানায় অন্তর্ভুক্ত হয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাঈদ, বিএনপি নেতা আনিসুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন শাহাজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন ও হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর শাহজাহান কবির, পরিবেশকর্মী আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ, নারী নেত্রী রিনা বেগম, ছাত্রদল নেতা রাফিসহ শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন থেকে সরকারি খালটি দ্রুত দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা বলেন, খালটি উদ্ধার করা হলে পৌর শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















