বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নে দুই হাজার মানুষের যাতায়াতের প্রধান সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করলেন আবুল কাসেম মিয়া
ছবি : দৈনিক সকালের বার্তা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নূরগঞ্জ বাজার থেকে দাড়িয়াপাড়া সংযোগ সড়কের প্রায় এক কিলোমিটার অংশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানে নিজস্ব অর্থায়নে ইটের খোয়া ফেলে সংস্কার করেছেন নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সদস্য সচিব ও ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল কাসেম মিয়া।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এটি বকশীগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন তালুকপাড়া, দাড়িয়াপাড়া, ভাটিয়াপাড়া, দাসপাড়া, তাম্ভুলীপাড়া ও পুরাতন বাঁশকান্দা সহ প্রায় ৬গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙনের কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইটের খোয়া ফেলে সংস্কার কাজ সম্পন্ন করেন আবুল কাসেম মিয়া।
তালুকপাড়ার বাসিন্দা আ:রহমান জানান, এটি তার প্রথম উদ্যোগ নয়। এর আগেও তিনি নিজস্ব অর্থায়নে তালুকপাড়া গ্রামের বিভিন্ন স্থানের ভাঙাচোরা রাস্তা সংস্কার করেছিলেন। দীর্ঘদিন ধরে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন।
রাস্তা সংস্কারের ফলে নূরগঞ্জ বাজার–দাড়িয়াপাড়া সংযোগ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং ছয় গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াত আগের তুলনায় অনেক সহজ হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন একরামুল, বান্টু, অহিদুল, বদি, ভুলু, সুন্দর আলী ও আতর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে আবুল কাসেম মিয়া বলেন, মানুষের দুর্ভোগ দেখে নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করব।
















