দারোরা ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে এক ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি এবং যুবসমাজকে রক্ষায় একটি মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
১২ জুন (শুক্রবার) সকাল থেকেই দারোরা ইউনিয়নের দীঘির পাড় ও পালাসুতা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ কর্মসূচিটি কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় পরিচালিত হয়।
সবুজ পৃথিবী গড়ে তুলি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোস্তাক আহমেদ মীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন সৈয়দ কায়েস আহমেদ মীর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
আলাউদ্দিন আলাল, মোঃ মজিবুর রহমান, রমিজ মেম্বার, মোঃ ইকবাল মোরশেদ, মোঃ আব্দুল করিম, কবি এম এ আলিম।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ ও সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দারোরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।













