পার্বতীপুরে শ্রমিক নেতা সিয়ামের উদ্যোগে মে দিবস পালন
ছবি- সকালের বার্তা
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন ও বাস শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
দিবসটি উপলক্ষে শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ব্যাটারিচালিত ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন সংগঠনের অন্তত তিন হাজার শ্রমিক শহীদ ময়দানে সমবেত হন।
সমাবেশে শ্রমিকরা “দুনিয়ার মজদুর এক হও” এবং “শ্রমঘণ্টা ৮ ঘণ্টা কার্যকর করতে হবে”—এমন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির আগে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও শ্রমিক নেতা মিজানুর রহমান সিয়াম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর ট্রাক্টর মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।













