সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ, ডুবেছে কিছু জমির ধান
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওর (ইকরাছই হাওর) এলাকায় আকস্মিকভাবে পানি প্রবেশের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী মনাই নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার হামিদপুর গ্রামের পাশের একটি গ্রামীণ সড়ক ভেঙে হাওরে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উক্ত হাওরে মোট ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে এখনও কিছু জমির ধান অবশিষ্ট থাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা পানি প্রবেশ ঠেকাতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ জানান, ভেঙে যাওয়া অংশটি পানি উন্নয়ন বোর্ডের কোনো বাঁধ নয়, বরং হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক। তিনি বলেন, নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সড়কটি ভেঙে যায়, যার ফলে হাওরে পানি প্রবেশ করে।
তিনি আরও জানান, ইকরাছই হাওরের বেশিরভাগ জমির ফসল ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। তবে আনুমানিক ৫ থেকে ১০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। বর্তমানে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।












