সুনামগঞ্জের দেখার হাওড়ে ভাঙা বাঁধ মেরামত করে কৃষকদের প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল বোরো ফসল
সুনামগঞ্জের দেখার হাওড়ের একটি অংশে হঠাৎ বাঁধ ভেঙে ধানক্ষেত তলিয়ে যাওয়ার উপক্রম হলেও কয়েক গ্রামের কৃষকদের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে বোরো ফসল।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর-মদনপুর গ্রামের পূর্বদিকে গুজাউনি বাঁধ মহসিং নদীর পানির চাপে ভেঙে যায়। এতে করে হাওড়ের বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত দ্রুত পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে গোবিন্দপুর, মদনপুরসহ আশেপাশের গ্রামের কৃষকরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসেন। তারা বাঁশ পুঁতে এবং মাটি ফেলে ভাঙা অংশটি বন্ধ করার চেষ্টা শুরু করেন। কয়েক ঘণ্টার টানা পরিশ্রমে তারা বাঁধটি মেরামত করতে সক্ষম হন এবং পানির প্রবাহ বন্ধ করে দেন।
এ ঘটনায় সদর উপজেলার গোবিন্দপুর, মদনপুর এবং শান্তিগঞ্জ উপজেলার আস্তমা, কাইক্কারপাসহ আশপাশের গ্রামের কৃষকদের বিপুল পরিমাণ ধান রক্ষা পায়।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন জানান, দেখার হাওড়ের একটি অংশে বাঁধ ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় কৃষক ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বাঁশ পুঁতে এবং জিওব্যাগে মাটি ভরে দ্রুত বাঁধটি সংস্কার করা হয়েছে।
তিনি আরও জানান, ভাঙা বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন না হলেও সম্মিলিত প্রচেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।














