কারাগারের ভেতরেও ভোটাধিকার, রাজবাড়ীতে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৭০ বন্দী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটে অংশ নিতে রাজবাড়ী জেলা কারাগারের ৭০ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা গণভোটেও অংশগ্রহণ করেন, যা নির্বাচনী প্রক্রিয়ায় বন্দীদের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির।
কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে রাজবাড়ী জেলা কারাগারে মোট বন্দীর সংখ্যা ৫২১ জন। এর মধ্যে হাজতি রয়েছেন ৩৫৫ জন, সাজাপ্রাপ্ত বন্দী ১৬৫ জন এবং শ্রেণিপ্রাপ্ত বন্দী রয়েছেন ১ জন। বন্দীদের মধ্যে পুরুষ ৫০২ জন এবং নারী ১৯ জন। এই মোট বন্দীর মধ্য থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন ৭০ জন।
জেল সুপার জানান, মোট ৯৭ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আগেই নিবন্ধন করেছিলেন। তবে এর মধ্যে ২৩ জন বন্দী ভোটগ্রহণের আগেই জামিনে মুক্ত হয়ে কারাগার ত্যাগ করেন। এছাড়া নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে তিনজন বন্দীর ব্যালট পেপার নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা সম্ভব হয়নি। অপরদিকে একজন বন্দীর ভোট ফরিদপুর জেলায় সম্পন্ন হওয়ায় তিনি রাজবাড়ীতে ভোট দেননি।
পোস্টাল ব্যালটে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কারাগার চত্বরে দুটি পৃথক বুথ স্থাপন করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্ধারিত নিয়ম মেনে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
এই উদ্যোগের মাধ্যমে কারাগারে থাকা যোগ্য ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











