রাবিপ্রবি’তে RMSTU Career Club-এর আয়োজনে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) RMSTU Career Club-এর উদ্যোগে ‘The Voice of RMSTU’ শিরোনামে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির। তিনি তাঁর বক্তব্যে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের এমপ্লয়াবিলিটি স্কিলস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম। প্রথম রানারআপ হন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার। এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আলিফ সাঈদ ফাতিক এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার।

















