সড়ক দুর্ঘটনায় ফুলগাজীতে তিনজনের মৃত্যু, সংকটাপন্ন চালক রনি
ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি চালক রনির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কলাবাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মুরগিবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. কাউসার (২৬) এবং আনন্দপুর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের নুরুস সাফার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)। তিনি ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ পাঠানগড় এলাকার কাজী আজাদের স্ত্রী।
পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে জাকিয়া আক্তার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিহত ওয়াহিদা আক্তার জুহার মা এবং আনন্দপুর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের বাসিন্দা। এর আগে মুন্সিরহাট হাসপাতালে নেওয়ার সময় তাকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়েছিল।
এ দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক রনি। তিনি ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকার ধলিয়া গ্রামের বাসিন্দা। তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন স্বজনরা। এছাড়া আরও কয়েকজন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিয়া আক্তার ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা উত্তর দৌলতপুর এলাকায় এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে তারা ভয়াবহ এ সড়ক দুর্ঘটনার শিকার হন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ।





















