কসবায় সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় ১ জনসহ আহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেল ও দুটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) উপজেলার বায়েক এলাকার একটি সিএনজি গ্যাসপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বায়েক সিএনজি পাম্পের সামনে একটি দ্রুতগামী অটোরিকশা প্রথমে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র এই সংঘর্ষে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলের চালকসহ মোট ৬ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

















