ধামরাইয়ের বান্নাল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরের অপসারণ দাবিতে গতকাল মানববন্ধন করে শিক্ষার্থীরা
প্রধান শিক্ষকের অপসারণ দাবি
ঢাকার ধামরাইয়ের বান্নাল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
বক্তারা বলেন, দেড় মাস আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক লিখিত অভিযোগ করেন।
অভিভাবক ফজলুর রহমান, সামসুদ্দিন, স্থানীয় ফিরোজসহ অনেকে বলেন, অবিবাহিত প্রধান শিক্ষক আব্দুল গফুর বিদ্যালয়ে নানা দুর্নীতির পাশাপাশি গত ২০ বছর ধরে বিদ্যালয়ের একটি কক্ষে বসবাস করে আসছেন। জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল গফুর তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের উন্নয়ন দেখে আমার বিরুদ্ধে এলাকার কিছু মানুষ ষড়যন্ত্র করছে। তদন্ত হলে সব মিথ্যা প্রমাণিত হবে।
ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষক আব্দুল গফুরের বিরুদ্ধে লিখিত অভিযোগের তদন্ত করা হচ্ছে।














