বাশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে আলোচনা সভা
বাশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সামাজিক-মানবিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট অনলাইন কলের মাধ্যমে যুক্ত হয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বাশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে মির্ধাপাড়া মোড় থেকে ট্রানাব্রিজ বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ, প্রায় ৬০০টি বৃক্ষরোপণ, ৯টি সোলার লাইট স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের মতো উদ্যোগ উল্লেখযোগ্য। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগও নিয়েছে সংগঠনটি।
সভায় এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ানো এবং তরুণদের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি আ. মান্নান ও সজিব হোসেন জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম অন্তর, রিমন মিয়া ও উজ্জ্বল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান মিয়া, অর্থ সম্পাদক নূর হোসেন, সহ-অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হোসেন রাব্বি এবং পরিবেশ ও বৃক্ষরোপণ সম্পাদক হামিদুর রহমান বাবু। এছাড়া সদস্য সাব্বির হোসাইন, খোকন শেখ ও মনির উপস্থিত ছিলেন।
ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “বাশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পরিবেশ ও সমাজের উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।













