শিক্ষা-সেবা-ক্রীড়ায় আড়াই মাসেই সাফল্য, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: বাশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের লগো এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
‘মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে’—এই স্লোগানকে সামনে রেখে অল্প সময়ের পথচলায় শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। কমিটি অনুমোদনের পর থেকে ধারাবাহিক এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে সংগঠনটি।
৩০ মে ২০২৬ সালে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের ৮১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আশরাফুল ইসলাম বিকট সভাপতি এবং সোহেল রানা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এরপর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নেয় সংগঠনটি।
শিক্ষাক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ট্রাস্টের পক্ষ থেকে নিলক্ষিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসএসসি-২০২৬ পরীক্ষায় নিলক্ষিয়া ইউনিয়নের একমাত্র A+ প্রাপ্ত প্রতিষ্ঠান জানকীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়।
একই বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থী মোছা. রাবেয়া খাতুনকে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের পরিকল্পনার কথাও জানিয়েছে ট্রাস্ট।
পরিবেশ রক্ষায়ও রয়েছে সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগ। ‘সবুজের পথে আলোর সাথে, মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে’ স্লোগানকে সামনে রেখে মির্ধাপাড়া মোড় থেকে টানাব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার মহাসড়কের পাশে উন্নত প্রজাতির কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। ঐতিহ্যবাহী জানকীপুর ঠাকুরপাড়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়। এছাড়া ঠাকুরপাড়া জামে মসজিদের সামনেও দুটি চারা রোপণ করা হয়েছে।
রাতের বেলায় মানুষের চলাচল নিরাপদ করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৯টি সোলার লাইট স্থাপন করেছে ট্রাস্ট। মির্ধাপাড়া মোড়, নূরগঞ্জ বাজার, সরকার বাড়ি মোড়, ফকিরবাড়ি মোড়, মিষ্টারের দোকান, ঠাকুরপাড়া মোড়, নিলক্ষিয়া চৌরাস্তার মোড়, পঁচার দোকান ও টানাব্রিজ এলাকায় এসব সোলার লাইট স্থাপন করা হয়।
ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট জানান, প্রতিটি সোলার লাইটের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ক্যামেরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করাতেও উদ্যোগ নিয়েছে ট্রাস্ট। নিলক্ষিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উন্নতমানের ২৫টি ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
২১ আগস্ট বাঁশকান্দা সরকার বাড়ি মোড়ে ট্রাস্টের নিজস্ব কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান, কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্মাননা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন মনিরুজ্জামান লিমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বাদল, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সদস্যসচিব আবুল কাসেম, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিনসহ ট্রাস্টের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। গত ২১ আগস্টের অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বাদল একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ২৬ আগস্ট ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট ও সাধারণ সম্পাদক সোহেল রানা অসুস্থ দুলাল মিয়াকে দেখতে যান এবং ট্রাস্টের পক্ষ থেকে তাকে আর্থিক অনুদান প্রদান করেন।
দুলাল মিয়া জানকীপুর পুরাতন বাঁশকান্দা এলাকার মৃত শরিফউদ্দীনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। ট্রাস্টের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য আরও ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরবর্তী চিকিৎসায় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। মানুষের সেবা ও সামাজিক উন্নয়ন করাই তাদের মূল লক্ষ্য। নিলক্ষিয়া ইউনিয়ন থেকে শুরু হওয়া এ কার্যক্রম ভবিষ্যতে বকশীগঞ্জ উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশ রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা হচ্ছে। পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম চলমান থাকবে।
অল্প সময়ের মধ্যেই শিক্ষা, সেবা, পরিবেশ ও ক্রীড়াক্ষেত্রে একাধিক উদ্যোগ বাস্তবায়নের কারণে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে ভবিষ্যতে নিলক্ষিয়া ইউনিয়নের প্রতিটি এলাকায় আরও ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।












