দেওয়ানগঞ্জে মাদকবিরোধী অভিযানে গুলজার হোসেনের ৩ মাসের জেল
ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন এবং কম বয়সীদের কাছে গাঁজা সরবরাহের অভিযোগে মো. গুলজার হোসেন জুসনা (৬৩) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) উপজেলার ডাংধরা ইউনিয়নের বাগারচর বাজার এলাকায় পরিচালিত অভিযানে তাকে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত মো. গুলজার হোসেন জুসনা ডাংধরা ইউনিয়নের বাগারচর বাহাজ সরকারপাড়া গ্রামের মৃত জুবরাজের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুলজার হোসেন জুসনা নিজে প্রকাশ্যে গাঁজা সেবন করতেন এবং কম বয়সীদের কাছেও গাঁজা সরবরাহ করতেন। এ বিষয়ে অভিযান পরিচালনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানটি বাগারচর বাজারে মানিকের চায়ের দোকানের সামনে পরিচালিত হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ এবং ১০(৫) দফায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুলজার হোসেন জুসনাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের পরিচালনায় এ মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দণ্ড কার্যকর করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।










