গারো পাহাড়ের পর্যটন সম্ভাবনা তুলে ধরতেই কমিউনিটির এই উদ্যোগ..
বকশীগঞ্জে পর্যটন প্রতিমন্ত্রীকে গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির পক্ষ থেকে সংগঠনের নিজস্ব টি-শার্ট উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে লাউচাপড়া পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ও মিছবাউল হক তুহিনের নেতৃত্বে কমিউনিটির সদস্যরা প্রতিমন্ত্রীর হাতে টি-শার্টটি তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী উপহার গ্রহণ করে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, তরুণদের ক্রীড়াচর্চা, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যসচেতন জীবনধারা গড়ে তোলার পাশাপাশি পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোর প্রচারেও এমন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গারো পাহাড় ও লাউচাপড়া পর্যটন কেন্দ্রকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা মিছবাউল হক তুহিন, কমিউনিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির নেতারা জানান, সুস্থ ও সচেতন সমাজ গঠনে নিয়মিত দৌড়চর্চাকে জনপ্রিয় করার পাশাপাশি গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং লাউচাপড়া পর্যটন কেন্দ্রকে দেশব্যাপী পরিচিত করে তুলতে তারা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও পর্যটন প্রচার, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা এবং ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উপস্থিত অতিথি ও গারো হিলস রানার্স কমিউনিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে লাউচাপড়া ও গারো পাহাড় অঞ্চলের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।










