আমগাছের চারা ভাঙার অভিযোগে উত্তেজনা, ৯৯৯-এ ফোন; উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছবি- সকালের বার্তা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলের গুড়গুড়ি গ্রামে আমগাছের চারা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি রাস্তার পাশে পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবে ইয়াং স্টার ক্লাব প্রায় ৬০টি আমগাছের চারা রোপণ করে। ক্লাবের অভিযোগ, গত ২৭ জুন স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান তাদের রোপণ করা একটি আমগাছ ভেঙে ফেলেন। এ বিষয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ক্লাবের সদস্যরা মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে দেওয়া অভিযোগে দাবি করেন, এর আগেও তাদের রোপণ করা বেশ কয়েকটি গাছের চারা নষ্ট করা হয়েছে। সর্বশেষ ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে কামরুজ্জামান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তার দাবি, ঘটনার দিন কয়েকজন ব্যক্তি তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালান। তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কামরুজ্জামান অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়ির গ্রিলের দরজা ভেঙে বিভিন্ন মালামাল নষ্ট করে। এ সময় তার স্ত্রীকে মারধর করা হয়, গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। পরে আহত স্ত্রীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সিনিয়র প্রধান শিক্ষক খন্দকার এইচ. আর. হাবিব বলেন, “উভয় পক্ষই আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি।”
এ বিষয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, পরিবেশ রক্ষায় রোপণ করা গাছকে কেন্দ্র করে এমন সংঘাত দুঃখজনক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
















