নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ভূঁইয়া
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করে স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছেন।
জানা যায়, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পরমতলা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর সড়কজুড়ে কাদা ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল
অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের কাছ থেকে সমস্যার কথা জানতে পেরে জসিম উদ্দিন ভূঁইয়া দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। পরে তিনি নিজস্ব অর্থ ব্যয়ে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেন। ফলে বর্তমানে এলাকাবাসী স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন।
এলাকাবাসী জানান, কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে মানুষের কষ্টের কথা বিবেচনা করে জসিম উদ্দিন ভূঁইয়া যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা তার এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকার মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে চিন্তা থেকেই আমি নিজ উদ্যোগে রাস্তার সংস্কার করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের মতে, জনসেবামূলক এমন কর্মকাণ্ডের মাধ্যমে জসিম উদ্দিন ভূঁইয়া ইতোমধ্যে ইউনিয়নজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।










