বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, যুবককে ১০ হাজার টাকা জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের দায়ে শাকিল হাসান (২৫) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, কৃত্রিম সংকট রোধ এবং অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিকেলে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
অভিযান চলাকালে শাকিল হাসান নামে এক যুবক অবৈধ উপায়ে ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শাকিল হাসান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে বলে জানা গেছে।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










