কুমিল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। কৃষক সামসু মিয়া (৫৫) উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের প্রয়াত তোতা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামসু মিয়া নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে নামেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা প্রভাষক মো. দুলাল হোসেন জানান, সামসু মিয়া দীর্ঘ প্রায় ২৬-২৭ বছর ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর চকবস্তা গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি সেখানে বাড়িঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বুড়িচং উপজেলার আনন্দপুর চকবস্তা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বজ্রপাতে সামসু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।












