বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ভূরুঙ্গামারীতে চীনা প্রবাসী ও চেয়ারম্যান প্রার্থীর বাড়ি লুট ও অগ্নিসংযোগে অর্ধকোটি টাকা ক্ষতি

মোঃ মিনহাজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম
ভূরুঙ্গামারীতে চীনা প্রবাসী ও চেয়ারম্যান প্রার্থীর বাড়ি লুট ও অগ্নিসংযোগে অর্ধকোটি টাকা ক্ষতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও প্রবাসী ডা. মোঃ রোকনুজ্জামান কিরণের বসতবাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলপত্র, আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরণ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন চীনে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড, মাদকবিরোধী কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও পরিচিত। তিনি জানান, গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি পরিবারসহ রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তার বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল রাতে আকাশ খারাপ থাকায় তিনি সবকিছু বন্ধ করে রাত ১২টার দিকে বাড়ি চলে যান। পরদিন সকাল ১০টার দিকে ধান মাড়াইয়ের শ্রমিকরা বাড়িতে এসে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাকে খবর দেন। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং বাড়ির মালিককে বিষয়টি জানান। এলাকাবাসী ৯৯৯-এ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী বাড়িতে ফিরে দেখেন, নিচতলার প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র, স্ত্রীর শিক্ষা সনদ, গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্রসহ বহু মূল্যবান নথি আগুনে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে দুটি এসি, একটি এলইডি টিভি, তিনটি সিলিং ফ্যান, একটি তোশিবা ল্যাপটপ, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, একটি হীরার গহনার সেট, জমি কেনার জন্য রাখা প্রায় ১৩ লাখ টাকা নগদ, ড্রোন, ক্যামেরা, মোবাইল ফোন, ফার্নিচার, পর্দা, পোশাক, ঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকা বলে দাবি করেছেন তিনি।স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তাকে আতঙ্কিত করতেই দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে তাদের ধারণা।

ডা. রোকনুজ্জামান কিরণ বলেন, “আমি এলাকায় সমাজসেবা, মাদকবিরোধী কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পিতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমার ধারণা।” এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “তিনি যেহেতু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, শত্রুতাবশত তাকে আতঙ্কিত করার জন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।