অচেনা পার্সেলের ফাঁদে বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক
ছবি- সকালের বার্তা
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় একটি সন্দেহজনক পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতের দিকে দুই অজ্ঞাত ব্যক্তি নাসির শেখের ভ্যানে একটি ব্যাগভর্তি পার্সেল তুলে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করে। নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে তারা জানায়, প্রাপকের সঙ্গে তাদের পরিচয় রয়েছে। সরল বিশ্বাসে নাসির পার্সেলটি নির্ধারিত ব্যক্তির বাড়িতে নিয়ে গেলে সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয়।
পরিস্থিতি বুঝতে না পেরে পার্সেলটি নিয়ে তিনি আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে পার্সেলটি খোলা হলে ভেতরে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি খোলার মুহূর্তেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে নাসির শেখ আহত হন এবং পাশের একটি ফলের দোকানের ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
আহত অবস্থায় নাসির শেখকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে তার শরীরের নিচের অংশে আঘাত লেগেছে, তবে তার অবস্থা স্থিতিশীল।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়সাল মাহমুদ জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা হতে পারে। জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
















