নাসিরনগরের কৃতি সন্তান সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ
ছবি- ফাইল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর সাহেব বাড়ির কৃতি সন্তান, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পূর্বে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
সৈয়দ আবদাল আহমদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর এই নিয়োগে নাসিরনগরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করবে।










