সরাইলে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ৩ পুলিশ সদস্য অচেতন
ছবি- সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার তিন পুলিশ সদস্য প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়েছেন। পরে তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে থানার ভেতরে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনজনই জ্ঞান হারালে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। জ্ঞান হারানো পুলিশ সদস্য বাবুল হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে কখন যে অজ্ঞান হয়ে পড়েছেন বুঝতেই পারেননি। পরে সহকর্মীরা মাথায় পানি দিয়ে হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে ঘটনাটি ঘটেছে। বর্তমানে তিনজনই সুস্থ আছেন। থানার সব সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিউবোর সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, এলাকায় প্রায় ৫১ হাজার গ্রাহক রয়েছে। চাহিদা ১৮ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। ফলে লোডশেডিং দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।













