বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতু নির্মাণ উপলক্ষে সমীক্ষা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাফরুজ্জামান (মাহাফুজ) পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি। প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০৯ পিএম
পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতু নির্মাণ উপলক্ষে সমীক্ষা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া লীলারঘাট এলাকায় টাঙ্গন নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণকে কেন্দ্র করে পরিবেশগত প্রভাব নিরূপণ ও অর্থনৈতিক সমীক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “পল্লী সড়কে সেতু নির্মাণ সমীক্ষা প্রকল্প” এর আওতায় বুধবার (১৫ এপ্রিল) বিকেলে লীলাপাড়ায় এ সভার আয়োজন করা হয়।

দুই উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে স্থানীয় জালালউদ্দিন (কাজী)-এর উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলে এ সমীক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানা যায়। এ উপলক্ষে দ্বিতীয় পর্য়ায়ে সরেজমিন আসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আগারগাঁওয়ের ব্রিজ কনসালট্যান্ট আব্দুস সাত্তার সামি এবং মিজানুর রহমানসহ পীরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম, শিক্ষক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ১০নং জাবরহাট ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান-এর সহধর্মিণী শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাহিদুর রহমান (ডলার), সভাপতি, বিএনপি জাবরহাট ইউনিয়ন শাখা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী; আব্দুস সবির সফির, শিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী (জাবরহাট); শামির উদ্দীন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০নং জাবরহাট ইউনিয়ন; হুমায়ূন কবির, সাবেক চেয়ারম্যান, জাবরহাট ইউনিয়ন; আকতারুজ্জামান (আকতার), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা; আব্দুল ওয়াহেদ, শিক্ষক, বড়বাড়ি বোলদিয়ারা দাখিল মাদ্রাসা; কুতুবুল ইসলাম, শিক্ষক, চন্ডিপুর; আব্দুল রহমান, শিক্ষক, মহেশপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়, বোচাগঞ্জ; জমিরুল ইসলাম ফটিক, প্রধান শিক্ষক, হাটপাড়া আইডিয়াল কেজি স্কুল;
জুয়েল সরকার, পল্লী চিকিৎসক, করনাই বাজার; সোহেল রানা, কৃষক প্রতিনিধি; মিজানুর রহমান, ৬নং রনগাঁও ইউনিয়ন; ফাদার আলবার্ট সরেন, মহেশপুর মিশন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আনোয়ারুল ইসলাম, শিক্ষক, বড়বাড়ি বোলদিয়ারা মাদ্রাসা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মারকাযুল উলুম ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসা; গীতা পাঠ করেন শিশু শিক্ষার্থী জ্যোতিময় চন্দ্র রায়, আইডিয়াল কেজি স্কুল এবং বাইবেল পাঠ করেন ফাদার আলবার্ট সরেন, বোচাগঞ্জ।

সভায় বক্তারা বলেন, টাঙ্গন নদীর ওপর এ সেতুটি নির্মিত হলে পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করতে পারবেন। পাশাপাশি বোচাগঞ্জ বাজার, রনগাঁও মিশন হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সেতু নির্মাণ অত্যন্ত জরুরি উল্লেখ করে বক্তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

মতবিনিময় সভায় দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ স্লোগান ও মতামতের মাধ্যমে সেতু নির্মাণের প্রতি তাদের জোরালো সমর্থন জানান।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।