কোম্পানীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের জ্বালানি তেল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্তর (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে দাগনভূঁইয়া-ফেনী আঞ্চলিক সড়কের এনায়েতভূঞা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজের মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন অন্তর। পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও পথেই তার মৃত্যু হয়।
এদিকে মাত্র ১৯ বছর বয়সী এক তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই নিহতের বাড়িতে ভিড় করেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ওই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। তারা অবিলম্বে দাগনভূঁইয়া-ফেনী সড়কের এই অংশে নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন, যাতে আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।










