জিয়ানগরে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে জেলা বিএনপির কঠোর হুঁশিয়ারি
পিরোজপুরের জিয়ানগরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।
সোমবার সন্ধ্যায় (২ ফেব্রুয়ারি) জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর আবাসন এলাকায় ধানের শীষ মার্কার নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আলটিমেটাম ঘোষণা করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল হাই একটি সভায় তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব বলেন, আমার দলের চেয়ারম্যানকে নিয়ে একজন উপজেলা পর্যায়ের জামায়াত নেতা কীভাবে এমন রুচিহীন ও আপত্তিকর মন্তব্য করার সাহস পান, তা আমাদের বোধগম্য নয়।
তিনি কটূক্তিকারীকে প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। পাশাপাশি পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদীর কাছে ওই বক্তব্যকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির সামনে এবং জিয়ানগরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জেলা কৃষকদলের সভাপতি বাচ্চু, যুবদল নেতা রিয়াজ সরদার, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক দল সভাপতি আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
















