খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: ফখরুল ইসলাম
ছবি- সকালের বার্তা
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর অশ্বদিয়া মৌলভী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. ফখরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্ব ছাড়া দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধার সম্ভব হতো না। তিনি বিএনপিকে সুসংগঠিত করার পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী—আমাদের মা। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ, সংগ্রাম ও ত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে। তার দেখানো পথে থেকে আমরা জনকল্যাণে নিজেদের নিয়োজিত করবো।”
বিএনপি প্রার্থী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তার অনুসারী হিসেবে আমরাও অন্যায়ের সঙ্গে আপোস করবো না এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো।
আলোচনা সভায় অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মো. তানসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল ফারুক, জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
















