শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ভুল্লীতে বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ মিঠু ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:০১ এএম
ভুল্লীতে বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছবি- সকালের বার্তা

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার বালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় বালিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নাজিমুল ইসলাম লাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কামরুজ্জামান কামু, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম ও মো. লিয়াকত আলী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. মোতাহার হোসেন, যুবদলের সভাপতি মো. রইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, কৃষক দলের সভাপতি মো. নবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, ওলামা দলের আহ্বায়ক মো. আবু হাসান ও সদস্যসচিব মাওলানা মোহাম্মদ মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. লুৎফর রহমান বাবু ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মো. মখছেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ ও আপসহীন নেতৃত্বকে হারিয়েছে। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় বক্তারা দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। ব্যক্তিগত মতভেদ ভুলে একসঙ্গে কাজ করলে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনেই আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সবশেষে মাওলানা কাজী মো. মখলেছুর রহমান দোয়া পরিচালনা করেন।

নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর মাকে মারধর, শ্লীলতাহানি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডা. সায়মা জান্নাত প্রমি নাগরপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. রফিকুল ইসলাম (৩২) ও মো. সেলিম মিয়ার (২৮) নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা নাগরপুর উপজেলার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সায়মা জান্নাত প্রমির নাগরপুর থানাধীন একটি সাবস্টেশন সংলগ্ন এলাকায় ১ শতাংশ জমি রয়েছে। ওই জমির দক্ষিণ পাশের সীমানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর মা মোছা. নুরাইয়া ফেরদৌসীসহ কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি নিয়ে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অভিযোগকারী ও তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর মাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, মো. রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন এবং তাঁর পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটান। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের কবল থেকে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা কিছুটা সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ডা. সায়মা জান্নাত প্রমি অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই ঘরে অগ্নিসংযোগ করে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হুমকির মুখেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে পোস্টে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্ত শেষে জড়িতদের পরিচয় এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠকের দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।