খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
ছবি- সকালের বার্তা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য মহিয়সী ব্যক্তিত্ব ছিলেন। তার অবদান দেশের গণতন্ত্র চর্চায় সবসময় স্মরণীয় থাকবে।
এসময় প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা খালেদা জিয়ার সাহসিকতা, দূরদর্শিতা ও জনহিতৈষী নেতৃত্বের বিভিন্ন দিক উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন বাংলাদেশের নারী সমাজের অগ্রযাত্রার প্রতীক। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত সবাই একত্রিত হয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।













