ইন্দুরকানীতে ধানের শীষের কর্মীর ওপর জামায়াত কর্মীর হামলা, ৪ জন আহত
ইন্দুরকানীতে ধানের শীষের কর্মীর উপর জামায়াত কর্মী হামলায় গুরুতুর আহত, ছবি- সকালের বার্তা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শুক্রবার বিকেলে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে।
উপজেলার মধ্য বালিপাড়া এলাকায় ধানের শীষের কর্মী মো. ইউনুস আলীকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ইউনুস আলীকে বাড়ির সামনে একা পেয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর কয়েকজন—জুয়েল, সোহেল, রাসেল ও রফিকুল ইসলাম—লাঠি ও ইট দিয়ে হামলা চালায়। তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তারা ও আহত হন। আহতদের মধ্যে আনছার আলী, সুফিয়া বেগম ও মরিয়াম রয়েছেন। গুরুতর আহত ইউনুস আলীকে পিরোজপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে জামায়াত কর্মী জুয়েল জানান, এটি মূলত জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সংঘটিত হয়েছে, রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই।
তবে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, এটি নির্বাচনের জেরে জামায়াত কর্মীদের হামলা।
ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, প্রাথমিকভাবে এটি জমিজমা বিরোধ হিসেবে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













