ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নে হাজী জসীম উদ্দীনের সমর্থনে বিশাল জনসভা, ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান জানান
ছবি- সকালের বার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোঃ জসীম উদ্দীন জসিমের সমর্থনে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে
রোববার শশীদল ইউনিয়ন পরিষদের সামনে শশীদল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম মোরশেদ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির সমন্বয়ক হাজী মোঃ আমিনুর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজু।
শশীদল ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগান, করতালি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকা মুখরিত করে তোলে।
প্রধান বক্তার বক্তব্যে হাজী জসীম উদ্দীন জসিম বলেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সংগ্রাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় কোনো ভেদাভেদ নয়, সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আমিনুর রশিদ ইয়াছিন বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে এবং আগামীতেও তার ব্যতিক্রম হবে না। তিনি শশীদল ইউনিয়নসহ পুরো ব্রাহ্মণপাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দেন।
বিশেষ অতিথি মজিবুর রহমান মজু তার বক্তব্যে বলেন, জনগণ পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপির নেতৃত্বই সবচেয়ে যোগ্য।
জনসভায় শশীদল ইউনিয়নসহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
















