মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ভোলা জেলার ২৫০ শয্যার হাসপাতালের এম্বুলেন্স সিন্ডিকেট চক্রের কাছে অসহায় রোগীরা

মোঃ সবুজ, ভোলা জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
ভোলা জেলার ২৫০ শয্যার হাসপাতালের এম্বুলেন্স সিন্ডিকেট চক্রের কাছে অসহায় রোগীরা

ছবি- সকালের বার্তা

চার-পাঁচ দিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত মাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার দিনমজুর কবির হোসেন। মাকে বাড়িতে নিতে হাসপাতালের সামনে থাকা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুল্যান্সের চালকের সঙ্গে কথা বলেন কবির। অ্যাম্বুল্যান্সটি সকালে চরফ্যাশন থেকে রোগী নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসেছে।
চালক জসিম উদ্দিন রোগীর স্বজনের কাছে ২৪০০ টাকা ভাড়া চাইলেও পরে দুই হাজার টাকায় রাজি হন। কিন্তু এরই মধ্যে বাধা হয়ে দাঁড়ায় হাসপাতালের সামনে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্সের চালকরা। তারা চালক জসিমকে ডেকে নিয়ে রোগী না নেওয়ার জন্য বলেন। এরপর মাকে বাড়ি নেওয়ার জন্য হাসপাতালের সামনে প্রায় আধাঘণ্টা অপেক্ষা করতে হয় কবিরকে। তিনি জানান, তারা প্রথমে সরকারি একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে কথা বলেন। সেটি ২৪০০ টাকা চাইলেও পরে দুই হাজার টাকায় রাজি হয়। কিন্তু রোগী নিয়ে নিচে এসে জানতে পারেন সরকারি অ্যাম্বুল্যান্স যাবে না। তাই প্রাইভেট অ্যাম্বুল্যান্সে করে মাকে নিয়ে বাড়ি যাচ্ছেন তিনি।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্স চালক মো. জসিম উদ্দিন জানান, তিনি প্রথমে রোগীর স্বজনদের সঙ্গে দুই হাজার টাকায় ভাড়া ঠিক করেছেন। পরে সেখানে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকরা জানান, তারা একই ভাড়ায় বোরহানউদ্দিনে যাবেন এবং তাকে রোগী না নিতে বলেন। তাই তিনি আর কথা বাড়াননি। ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে রোগীর সঙ্গে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে।
অ্যাম্বুল্যান্সের চালক ও মালিকরা সিন্ডিকেট করে রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে এসব অ্যাম্বুল্যান্স মালিক ও চালকদের বিরুদ্ধে। তাদের দৌরাত্ম্যের কাছে হাসপাতালে আসা রোগীরা জিম্মি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগী পরিবহনের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে ২০টির বেশি বেসরকারি অ্যাম্বুল্যান্স সারিবদ্ধ দাঁড়িয়ে। এর মধ্যে হাসপাতালের সরকারি তিনটি অ্যাম্বুল্যান্স থাকলেও বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলোই রোগী নিয়ে বিভিন্ন যায়গায় ছুটে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, বেসরকারি অ্যাম্বুল্যান্স মালিক ও চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগীর স্বজনদেরকে জিম্মি করে তাদের অ্যাম্বুল্যান্সে উঠতে বাধ্য করছেন। এমনকি নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়াও। এ ছাড়া হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুল্যান্স ছাড়া জেলার অন্য উপজেলা থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুল্যান্সে করে রোগী নিতেও বাধা দেন এখানকার মালিক ও চালকরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন কামরুল ইসলাম জানান, কয়েক দিন আগে তার এক আাত্মীয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। তিনি প্রথমে হাসপাতালের সরকারি অ্যাম্বুল্যান্স খোঁজেন। কিন্তু হাসপাতালের সামনে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্সের চালকরা তাকে জানান, সরকারি অ্যাম্বুল্যান্স থাকলেও এখন চালক পাওয়া যাবে না। পরে তিনি বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুল্যান্সে করে ১২০০ টাকা দিয়ে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে যান। অথচ সরকারি অ্যাম্বুল্যান্সে এখানকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা। রোগীর জরুরি মুহূর্তকে কাজে লাগিয়ে বাড়তি টাকা আদায় করে এই সিন্ডিকেট। হাসপাতালের সামনে থাকা কয়েকজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোলা সদর হাসপাতালে সরকারি তিনটি অ্যাম্বুল্যান্স থাকলেও ওইসব অ্যাম্বুল্যান্সে সাধারণ রোগীদের ওঠার সুযোগ হয় না। কারণ সাধারণ রোগীদের জিম্মি করে হাসপাতালের সামনে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্সের চালকরা বেশি টাকা নিয়ে থাকেন। এমনকি বাইরের বেসরকারি অ্যাম্বুল্যান্সকেও এখান থেকে রোগী নিতে দেন না এখানকার চালকরা। আর এসব অ্যাম্বুল্যান্সের নির্দিষ্ট ভাড়ার তালিকাও নেই। ফলে ইচ্ছামতো ভাড়া চাওয়া হয় রোগীর স্বজনদের কাছে।

আরেক ভুক্তভোগী মো. আলমগীর বলেন, কিছু দিন আগে তার এক আত্মীয় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেসরকারি অ্যাম্বুল্যান্সে করে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। কিন্তু রোগীকে ঢাকায় নিতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্স মালিক ও চালকদের সঙ্গে কথা বললে তারা ১৭ হাজার টাকা দাবি করেন। পরে অন্য উপজেলার একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সের চালক ১২ হাজার টাকায় রাজি হন।

ভোলা বেসরকারি অ্যাম্বুল্যান্স মালিক সমিতির সভাপতি মো. মিলন হাওলাদার সিন্ডিকেটের কথা অস্বীকার করে বলেন, অন্য উপজেলায় আমাদের অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে গেলে আসার সময় সেখানকার অ্যাম্বুল্যান্স মালিক ও চালকরা সেখান থেকে রোগী আনতে দেন না। তাই আমরাও তাদেরকে সদর হাসপাতাল থেকে রোগী নিতে দেই না। তবে রোগী নিয়ে তারা এখানে আসতে পারেন। এছাড়া অন্য উপজেলা থেকে সরকারি অ্যাম্বুল্যান্স ভোলা সদরে আসলে আমারাই রোগী উঠিয়ে দেই তাদের। সরকারি অ্যাম্বুল্যান্স রোগী নেওয়ার পর যেসব রোগী থাকে, সেই রোগী আমরা বেসরকারি অ্যাম্বুল্যান্সে বহন করে থাকি।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শেখ আবু সুফিয়ান বলেন, হাসপাতালের ভেতর বেসরকারি অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য কমানোর জন্য গেইট করতে চেয়েছি। এ বিষয়ে ডিসি অফিস থেকে প্রশাসনিক সহায়তা চেয়েও পাইনি।
ভোলা জেলা প্রশাসক জনাব মো.শামিম এ ব্যাপারে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন আমাদের কাছে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

খায়রুল আলম নয়ন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম
ছাপড়হাটীতে মাটির স্বাস্থ্য কার্ড ও সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে সারসংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ছাপড়হাটী ইউনিয়ন সার ডিলার পয়েন্ট শোভাগঞ্জ বাজার থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান মন্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শাকিল মিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এছাড়াও কৃষক কান্তি বর্মন ও সাংবাদিক নয়ন।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বিধান চন্দ্র রায় ( নীলফামারী) প্রতিনিধি,  প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত ‎

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে সোমবার (০৯ নভেম্বর ) সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের (মোবাইল ভ্যান) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎এদিন সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়, বাসটার্মিনাল, ক্যান্টনমেন্ট বাজার ও চৌমুহনী বাজারে মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, খাবারে শিল্প লবণের ব্যবহার, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, হলুদ ও মরিচের গুঁড়ায় লেড-ক্রোমেট এবং দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাই করা হয়।

‎ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সরাসরি পরিদর্শন করানো হয়।

‎এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক টিভি বাণিজ্যিক (টিভি সি) প্রদর্শন করা হয়।

‎জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সুফিয়ান কাদের উপজেলা বিএনপির সমর্থনে প্রার্থিতা ঘোষণা

ছবি: হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফিয়ান কাদের।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুফিয়ান কাদের। তাঁর প্রার্থিতায় উপজেলা বিএনপির সমর্থন রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত সুফিয়ান কাদের এবার জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে হরিরামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।

সুফিয়ান কাদের মনে করেন, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা বা মর্যাদা অর্জনের বিষয় নয়; বরং এটি জনগণের আমানত ও সেবা করার দায়িত্ব। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দিতে চান।

এ ছাড়া অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তাঁর মতে, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহি থাকা প্রয়োজন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে সুফিয়ান কাদের হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন।

জনগণের আস্থা অর্জন করে জনসেবার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব হরিরামপুর গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।