বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা

মোঃ সবুজ, ভোলা জেলা প্রতিনিধি। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা

আগাম তরমুজে বাম্পার ফলনের আশা ভোলার তরমুজ চাষীদের। পবিত্র রমজান উপলক্ষে ভাল লাভের আশায় আগামী ১০ থেকে ১৫ রমজানের মধ্যেই প্রথমবারের মত তরমুজ কাটবেন বলে আশাবাদী চাষীরা।

আগাম তরমুজে অধিক লাভবানের আশায় চোখে মুখে রঙিন স্বপ্ন নিয়ে তরমুজ গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে ভোলার চরবৈরাগী, মাঝেরচর এলাকার চাষারা।

তরমুজ চাষিরা জানান, গত কয়েক বছর পূর্বে ভোলা জেলায় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে তরমুজের চাষ হলেও গত ৫ বছর ধরে তরমুজের আবাদ বাড়ছে।

ভোলার বিভিন্ন উপজেলার চরাঞ্চলে এ তরমুজ চাষ হয়ে থাকে। এসব এলাকায় নদী-খালের পানিতে লবণাক্ততা না থাকায় ঝুঁকছে তরমুজ চাষীরা।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে হাসান কেরানী চলতি মৌসুমে ৫০ একর জমিতে তরমুজ চাষ করেছেন, যার মধ্যে অধৈক জমিতে তিনি আগাম জাতের তরমুজ করেছেন। যার ফলও এসেছে। অধিকলাভের আশায় রমজানের দ্বিতীয় সপ্তাহে কাটতে পারবেন বলে আশাবাদী।

কৃষক শাহাবুদ্দিন ফরাজী জানান, ইফতারের জন্য তরমুজের চাহিদা বেশি থাকে। রজমানের প্রথম দিকে বাজারে ফল কম থাকায় দাম ভালো পাওয়া যায়।

রমজানের বাজারকে টার্গেট করেই তিনি আগাম জাতের তরমুজ চাষ করেছেন। এখন শুধু অপেক্ষা, আগাম তরমুজ বিক্রি করে তার রঙিন স্বপ্ন পূরণ করবেন।

আরেক কৃষক মো. আলাউদ্দিন ফরাজী (৩৮)। তিনি দশ একর জমিতে তরমুজ চাষ করেছেন। যার মধ্যে চার একর আগাম জাতের। তার গাছেও ফল এসেছে। তিনিও রমজানের প্রথম দিকের বাজারে ফল তুলবেন বলে আশাবাদী।

কৃষক আকতার হাওলাদার বলেন, তরমুজ চাষে খরচ বেশি। তবে, ভালো ফলন ও বাজারে দাম ভালো থাকলে লাভও বেশি হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায় , সাধারণত আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে। তবে, ডিসেম্বরে আগাম তরমুজের আবাদ হয়। ফেব্রুয়ারির শেষের দিকে তরমুজ বিক্রি শুরু হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান বলেন, গত বছরের চেয়ে এ বছর বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আগাম জাতের তরমুজের ফলনও ভালো হয়েছে। রমজানে ভালো দামও পাবেন চাষিরা।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।