শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শার্শায় দাড়িপাল্লার জয়, ২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী মাওলানা আজিজুর রহমান বিএনপির ভরাডুবির পেছনে কোন্দল—মাঠে নানা আলোচনা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম
শার্শায় দাড়িপাল্লার জয়, ২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী মাওলানা আজিজুর রহমান  বিএনপির ভরাডুবির পেছনে কোন্দল—মাঠে নানা আলোচনা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন (ধানের শীষ) পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট। ভোটের ব্যবধান ২৪ হাজার ৩৮২।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৫ হাজার ৮০৭, নারী ১ লাখ ৫৫ হাজার ৮২৩ এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২ লাখ ১৩ হাজার ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৬৬ দশমিক ৫২ শতাংশ।

এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতের প্রার্থী আজিজুর রহমানের পর বিএনপির নুরুজ্জামান লিটন ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী বক্তিয়ার রহমান পেয়েছেন ১ হাজার ৭৪১ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির চঞ্চল পেয়েছেন ১ হাজার ৩৬৭ ভোট।

শার্শা উপজেলা দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দরকে ঘিরে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি সব রাজনৈতিক দলের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

স্বাধীনতার পর অনুষ্ঠিত ১২টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায়, এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বাধিক সাতবার জয়ী হয়েছে। দলটির প্রার্থী তবিবর রহমান সরদার ১৯৭৩, ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে শেখ আফিল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আসনে তিনবার বিজয়ী হয়েছে—১৯৭৯ সালে আলী তারেক, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে মফিকুল হাসান তৃপ্তি এবং ২০০১ সালে আলী কদর সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৬ সালে জামায়াতের নূর হুসাইন এবং ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী কেএম নজরুল ইসলাম জয়ী হন।

তবে চলতি নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের মাঠপর্যায়ের তৎপরতা না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে।

নির্বাচনের আগে বিএনপিতে মনোনয়ন নিয়ে চরম দ্বন্দ্ব ছিল। সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে প্রথমে মনোনয়ন দেওয়া হলেও পরে চূড়ান্ত মনোনয়ন পান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ নিয়ে তৃণমূলে বিভক্তি তৈরি হয় বলে দলীয় সূত্রে জানা যায়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন পরিবর্তন ও অভ্যন্তরীণ কোন্দল বিএনপির ফলাফলে বড় প্রভাব ফেলেছে। মফিকুল হাসান তৃপ্তি দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়া, পাশাপাশি দীর্ঘদিনের ত্যাগী নেতা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু মনোনয়ন প্রত্যাশী থেকে বঞ্চিত হওয়ায় তাদের সমর্থকদের একটি অংশ নিষ্ক্রিয় ছিলেন বা অন্যদিকে ঝুঁকেছেন, এমন আলোচনা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপির ভেতরে ঐক্য থাকলে ফল ভিন্ন হতে পারত। অনেকেই ক্ষুব্ধ ছিলেন। নির্বাচনের দিন কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটারও একই ধরনের মন্তব্য করেন।
তবে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে বিভেদের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সবাই দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে শুরু থেকেই এককভাবে মাঠে ছিলেন মাওলানা আজিজুর রহমান। দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে প্রচারণা চালান। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে নিয়মিত গণসংযোগ, পথসভা ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে সংগঠিত প্রচারণা পরিচালনা করা হয়। নারী ভোটারদের একটি বড় অংশ তার পক্ষে ভোট দিয়েছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শাবাসী দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পক্ষে রায় দিয়েছেন। আমি সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দরকেন্দ্রিক এ আসনে বিজয়ী প্রার্থীর সামনে উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা, চোরাচালান নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান—এসব বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা আসনের এ ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে দীর্ঘদিনের মিত্র বিএনপি-জামায়াতের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার এই ফল আগামী দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান ৫ হাজার ৮৫৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন। তখন নৌকা প্রতীক পেয়েছিল ৯৪ হাজার ৫৫৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছিল ৮৮ হাজার ৭০০ ভোট। ভোটের পার্থক্য ছিল ৬ দশমিক ৬০ শতাংশ।

নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর মাকে মারধর, শ্লীলতাহানি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডা. সায়মা জান্নাত প্রমি নাগরপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. রফিকুল ইসলাম (৩২) ও মো. সেলিম মিয়ার (২৮) নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা নাগরপুর উপজেলার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সায়মা জান্নাত প্রমির নাগরপুর থানাধীন একটি সাবস্টেশন সংলগ্ন এলাকায় ১ শতাংশ জমি রয়েছে। ওই জমির দক্ষিণ পাশের সীমানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর মা মোছা. নুরাইয়া ফেরদৌসীসহ কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি নিয়ে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অভিযোগকারী ও তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর মাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, মো. রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন এবং তাঁর পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটান। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের কবল থেকে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা কিছুটা সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ডা. সায়মা জান্নাত প্রমি অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই ঘরে অগ্নিসংযোগ করে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হুমকির মুখেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে পোস্টে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্ত শেষে জড়িতদের পরিচয় এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠকের দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।