ভোটের অনিয়মে জড়িত হলে বিএনপির নেতা-কর্মীকেও পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান (আসাদ)
ভোটের দিন বিএনপির কোনো নেতা-কর্মী বা এমনকি নিজের পোলিং এজেন্টও যদি অনিয়মের সঙ্গে জড়িত হন, তবে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান (আসাদ)।
সোমবার সন্ধ্যায় শৈলকুপা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, “আমি ভোট ডাকাতির মাধ্যমে এমপি হতে চাই না। আমার গায়ে কোনো কালিমা লাগুক, সেটাও চাই না। ভোটের দিন যদি আমার কোনো পোলিং এজেন্ট অন্যায় করে বা ভোট কাটার চেষ্টা করে, তাহলে আপনারা সজাগ থাকবেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেবেন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন। তিনি সংবাদকর্মীদের নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ ও প্রচারের আহ্বান জানান।
মতবিনিময় সভায় শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাসান মুসার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক তাজনুর রহমান ডাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, দপ্তর সম্পাদক বিপুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।














