লালমনিরহাটে এএইউবি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি- সকালের বার্তা
দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটস্থ স্থায়ী ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
শনিবার (২মে) সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এএইউবি দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন করেন।
তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান এবং শিক্ষকদের জ্ঞানচর্চার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ক বিশেষ ম্যাগাজিন “SPACE & BEYOND”-এর মোড়ক উন্মোচন করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ,কে,এম মমিনুল হক , রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
পরবর্তীতে ২০২২ সালের ০৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বর্তমানে চারটি অনুষদের অধীনে চারটি স্নাতক ও পাঁচটি স্নাতকোত্তর কোর্স পরিচালিত হচ্ছে।















