মেধাবীদের হাতে বৃত্তি, সাথে সবুজের বার্তা।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে কুষ্টিয়ায় আয়োজন করা হয় এক ভিন্নধর্মী অনুষ্ঠান। শনিবার (১৮ এপ্রিল) সকালে কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও বৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সুশিক্ষিত প্রজন্মই পারে দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গড়ে তুলতে। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের ছোট থেকেই বৃক্ষরোপণে অভ্যস্ত হতে হবে, যাতে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব এবং অ্যাডভোকেট শামীম-উল হাসান অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয় এবং পরিবেশ সচেতনতা বাড়াতে তাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













