সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা
ছবি- সকালের বার্তা
চিতলমারী উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের অবসর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন বলে বক্তারা উল্লেখ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিদাস ঘরামী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অবসরপ্রাপ্ত এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন আড়ুয়াবর্ণী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, ব্যবসায়ী নেতা মোঃ সোয়েব হোসেন গাজী এবং প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ। এছাড়া শিক্ষক প্রতিনিধি আজিজ শেখ ও শিক্ষার্থী প্রতিনিধি আমেনা আক্তার তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ গোলাম ফারুক বুলু। বক্তারা বলেন, নির্মল কুমার সিকদারের সততা, আন্তরিকতা ও নেতৃত্ব বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

















