চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ট্যালেন্টপুলে রেকর্ডসংখ্যক বৃত্তি অর্জন
ভোলা জেলার চরফ্যাসনে বৃত্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা। চলতি বছরের ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি উপজেলায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সর্বোচ্চ রেকর্ড গড়েছে।
জানা যায়, ৫ম শ্রেণীতে ১৮ জন এবং ৮ম শ্রেণীতে ২০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারন বৃত্তি লাভ করেছে। এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করে শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অতিরিক্ত কোচিং, মডেল টেস্ট এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে। তারা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা শিক্ষার্থীদের এই কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। শিক্ষার্থীরাও তাদের এ অর্জন ধরে রেখে আগামীতেও ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেছে।











