বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নতুন বছর হোক সচেতনতার-জীবন আর প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার আহ্বান

শাহরিয়ার খান নাফিজ ,হবিগঞ্জ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম
নতুন বছর হোক সচেতনতার-জীবন আর প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার আহ্বান

৩১ ডিসেম্বর রাত মানেই অনেকের কাছে উল্লাস, আতশবাজি আর ফানুশ উড়ানোর উৎসব। কিন্তু কিছু সময়ের এই আনন্দের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের যন্ত্রণা, প্রাণীর দুর্ভোগ এবং প্রকৃতির ক্ষয়।

২০২১ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় আতশবাজির বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ে ৪ মাস ১৯ দিনের শিশু উমাইর। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনা আতশবাজির নেতিবাচক প্রভাবের এক বাস্তব উদাহরণ।

বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজির বিকট শব্দে শিশু, হৃদরোগী, হাঁপানি ও বয়স্করা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। শুধু ২০২৫ সালেই আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ ৪ জন আগুনে দগ্ধ হন।

২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত ফানুশ উড়ানো থেকে সৃষ্ট আগুনে ৩০০-রও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাড়িঘর পুড়ে গেছে, মানুষ আহত হয়েছে, প্রাণহানি ঘটেছে।

আতশবাজি ও ফানুশের প্রভাবে প্রাণীকুলও ভয়াবহ সমস্যায় পড়ে। ২০২৪ সালে ঢাকায় আতশবাজির শব্দে প্রায় ১০০টির বেশি পাখির মৃত্যু হয়। পোষা প্রাণী এবং বনের জীবজন্তুরাও ভয়াবহ শব্দদূষণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা বলছেন, “উদযাপন হোক তবে তা হোক দায়িত্বশীল ও নিরাপদ। এমন কিছু নয় যা অন্য কারো জীবনকে ঝুঁকিতে ফেলবে।” দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই উদযাপন হয়ে উঠতে পারে ভয়ানক বিপদের কারণ যার দায় নিতে হবে আমাদের সবাইকেই।
একদিকে যখন কেউ নববর্ষে আনন্দে মেতে উঠছে, অন্যদিকে অনেকেই যুদ্ধ, দারিদ্র্য, অনিশ্চয়তা আর বঞ্চনার অন্ধকারে। এই বৈষম্য ভুলে আমাদের বলতে হবে—
“মুক্তিকামী মানুষের জয় হোক, জয় হোক মেহনতীর।”
নতুন বছর হোক সহানুভূতি, সংহতি ও মানবতার বার্তা নিয়ে।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।